দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫ জন রোগী।
শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৫ জনে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪০১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২৬৮, সিলেটে ১২১, বরিশালে ১১৭, খুলনায় ৭৬, ময়মনসিংহে ৬৭, রাজশাহীতে ৩৫ এবং রংপুরে ২৯ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ২৭ হাজার ১১৪ জন।
এ সময়ে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৬০৮ জনের।

মন্তব্য করুন