ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬

অবহেলা-দুর্নীতি পেলেই চাকরিচ্যুতি, স্বাস্থ্যখাতে কঠোর বার্তা মন্ত্রীর

জেলা প্রতিনিধি
শনিবার, ০৪ জুলাই ২০২৬   ২৯ বার পঠিত
অবহেলা-দুর্নীতি পেলেই চাকরিচ্যুতি, স্বাস্থ্যখাতে কঠোর বার্তা মন্ত্রীর

ছবি: -সংগৃহীত

স্বাস্থ্যখাতে অবহেলা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, যেখানে অবহেলা ও দুর্নীতি পাওয়া যাবে, সেখানে শুধু বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতির ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি শুধু ট্রান্সফারে বিশ্বাস করি না। যেখানে অবহেলা ও দুর্নীতি থাকবে, সেখানেই চাকরিচ্যুতি হবে। সবাইকে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। দুর্নীতি, ঘুষ ও অনিয়ম কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।

স্বাস্থ্যসেবার সম্প্রসারণে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে আধুনিকায়ন করা হবে এবং সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোর সেবার মানও উন্নত করা হবে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, চলতি বছর থেকেই স্বাস্থ্যখাতে বড় ধরনের পরিবর্তনের সূচনা করতে চায় সরকার। জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে নতুন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এবারের বাজেট শুধু অর্থ বরাদ্দের নয়, এটি আদর্শ ও জবাবদিহিতার বাজেট। স্বাস্থ্যখাতে স্বচ্ছতা নিশ্চিত করে দুর্নীতির কোনো সুযোগ রাখা হবে না।

নরসিংদীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অগ্রগতির বিষয়ে মন্ত্রী জানান, চলতি বছরই ৫০ শিক্ষার্থী নিয়ে নরসিংদী মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে নরসিংদী নার্সিং ইনস্টিটিউটে ক্লাস পরিচালিত হবে। একই সঙ্গে মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের জন্য উপযুক্ত স্থান নির্ধারণের কাজ চলছে এবং দ্রুতই নির্মাণকাজ শুরু হবে।

তিনি আরও জানান, চীনের সহযোগিতায় দেশে নির্মাণাধীন ১৮টি আধুনিক হাসপাতালের একটি নরসিংদীতে স্থাপনের পরিকল্পনা রয়েছে। শহরের আশপাশেই হাসপাতালটি নির্মাণের চেষ্টা করা হচ্ছে।

নরসিংদীর জেলা প্রশাসক ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল এবং জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930