পার্বত্য চট্টগ্রামে টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ পুনরুদ্ধারে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় প্রশাসন, অন্যান্য নিরাপত্তা বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী দুর্গত এলাকায় নিরলসভাবে কার্যক্রম পরিচালনা করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাহাড়ধস ও জলাবদ্ধতায় পার্বত্য অঞ্চলের বিভিন্ন সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সেনাবাহিনীর প্রকৌশল দল ভারী যন্ত্রপাতি ব্যবহার করে মাটি ও ধ্বংসাবশেষ অপসারণের মাধ্যমে সড়ক যোগাযোগ স্বাভাবিক করার কাজ করছে।

এছাড়া ভূমিধসের উচ্চ ঝুঁকিতে থাকা বিভিন্ন এলাকা থেকে প্রায় ২২১টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্গম এলাকায় আটকে পড়া পর্যটকদের উদ্ধারে বিশেষ অভিযানও চালাচ্ছে সেনাবাহিনী। এ পর্যন্ত বান্দরবান থেকে ১৪০ জন এবং সাজেকে আটকে পড়া প্রায় ৬০০ জন পর্যটকের মধ্যে প্রথম ধাপে ১৫০ জনকে স্থানীয় প্রশাসনের সহায়তায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বাকি পর্যটকদেরও পর্যায়ক্রমে নিরাপদ স্থানে স্থানান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

দুর্যোগকবলিত মানুষের দুর্ভোগ কমাতে সেনাবাহিনী বিভিন্ন এলাকায় রান্না করা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পাহাড়ি ও বাঙালি পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, আলুসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ অব্যাহত রয়েছে।

আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ সহায়তা, যোগাযোগ পুনঃস্থাপন ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখবে।

সংস্থাটি আরও জানায়, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকটে জনগণের জীবন, সম্পদ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।