তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। অন্যদিকে, শ্রমিকপক্ষের সংশোধিত দাবি ২২ হাজার টাকা। দুই পক্ষের প্রস্তাবে ব্যবধান ৬ হাজার ২০০ টাকা। দীর্ঘ আট ঘণ্টা আলোচনা করেও সমঝোতা না হওয়ায় কোনো সিদ্ধান্ত ছাড়াই মজুরি বোর্ডের সভা মুলতবি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টায় আবারও বৈঠকে বসবেন সদস্যরা।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত সভায় মালিকপক্ষ তাদের আগের ১৫ হাজার টাকার প্রস্তাব বাড়িয়ে ১৫ হাজার ৮০০ টাকা করে। অন্যদিকে, শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকার দাবি কমিয়ে ২২ হাজার টাকা নির্ধারণ করে।

শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে নতুন প্রস্তাব দেওয়া হবে।

মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি জানান, মূল্যস্ফীতি, শ্রমিকদের পারিবারিক ব্যয়, মালিকদের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণ করা হচ্ছে।

এদিকে, মজুরি বৃদ্ধির দাবিতে সোমবার গাজীপুরের শ্রীপুর ও সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ হয়েছে। গাজীপুরে প্রায় ৫৫টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। আশুলিয়ায় ৩৩টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া আগে থেকেই বন্ধ রয়েছে ২২টি কারখানা। বিক্ষোভে আশুলিয়ায় তিন শ্রমিক আহত হন।

শ্রমিকপক্ষের আশঙ্কা, চূড়ান্ত মজুরির গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত অসন্তোষ অব্যাহত থাকতে পারে। আজকের বৈঠকে দুই পক্ষের প্রস্তাবের ব্যবধান কমিয়ে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করা হবে।