আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জন্য উড়োজাহাজ চাওয়ার দাবি হাস্যকর ও উন্মাদনা ছাড়া কিছু নয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আমিনুল ইসলাম বলেন, একজন পলাতক আসামির পক্ষে অন্য কারও উড়োজাহাজ চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। এ ধরনের দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

দিল্লিতে ট্রাইব্যুনালে দণ্ডিত অন্য আসামিদের সংবাদ সম্মেলনের বিষয়ে প্রশ্ন করা হলে চিফ প্রসিকিউটর বলেন, তারা বাংলাদেশের ভূখণ্ডের বাইরে এসব কর্মকাণ্ড করছেন। অন্য দেশে কোনো আসামির তৎপরতা থাকলে তা কূটনৈতিক চ্যানেলে মোকাবিলা করতে হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনাসহ পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে। আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন হিসেবে তদন্তের প্রসঙ্গে তিনি জানান, দলটির বিরুদ্ধে একটি অভিযোগের তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।