দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা তৈরির যে চক্রান্ত চলছে, তা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষ সবসময় সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের অধিকার আদায় করেছে। দেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রও জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে সক্ষম হবে বলে তিনি বিশ্বাস করেন।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আয়োজিত দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কঠিন চীবর দানকে বৌদ্ধ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজন উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের যে দৃষ্টান্ত তুলে ধরা হয়, তা ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য অনুপ্রেরণার উৎস।
অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় প্রয়াত নেতাদের স্মরণ করে তাদের অবদান তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি বলেন, তাদের কর্ম ও অবদানের জন্য তারা মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
এ ছাড়া গৌতম বুদ্ধের জীবন ও দর্শন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি অন্ধবিশ্বাস, হিংসা ও বিদ্বেষ পরিহার করে জ্ঞান, যুক্তি, আত্মশুদ্ধি এবং নৈতিকতার পথে চলার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন