রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় আগামী ৩০ নভেম্বরের মধ্যে আদালতে অভিযোগপত্র জমা দিতে যাচ্ছে গোয়েন্দা পুলিশ। এ মামলায় গ্রেপ্তার দুই প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে অভিযুক্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামতের ডিএনএ পরীক্ষায় তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মামলার তদারকি কর্মকর্তা রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, দীর্ঘ তদন্ত ও ফরেনসিক প্রতিবেদন বিশ্লেষণে হত্যাকাণ্ডে দুই আসামির সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হয়েছে বলে মনে করছে পুলিশ। এখন পর্যন্ত ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এ পর্যন্ত অন্তত ৫০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জিন্নাত আলী জানান, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা নমুনা ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে পরীক্ষা করা হয়। এতে খেজুরের বিচিতে মুগ্ধ দাস, শসার টুকরায় সিদ্ধার্থ দাস এবং বিড়ির শেষাংশে দুজনেরই ডিএনএ পাওয়া গেছে। এ ছাড়া নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় পেঁচানো গামছায় শুধু মুগ্ধর ডিএনএ শনাক্ত হয়েছে।

তদন্ত কর্মকর্তার ভাষ্য, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন, উদ্ধার হওয়া আলামত, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং সাক্ষীদের বক্তব্য পর্যালোচনা করে অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নিহত প্রীতিলতা ও তাঁর মেয়ে আগামী চক্রবর্তী ধর্ষণের শিকার হয়েছিলেন কি না, তা জানতে নমুনা পরীক্ষা করা হলেও প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।

পুলিশের দাবি, গণপতি চক্রবর্তীর অবসরের পর পাওয়া ৫০ থেকে ৬০ লাখ টাকা এবং বাড়িতে থাকা স্বর্ণালংকারের সন্ধান পেয়েছিলেন আসামিরা। এসব সম্পদ চুরির উদ্দেশ্যে পাশের বাড়ির ছাদ দিয়ে তাঁরা ওই বাড়িতে প্রবেশ করেন। পরে পরিবারের চার সদস্যকে হত্যা করা হয়।

গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় তালাবদ্ধ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তবে দুই আসামির পক্ষে একাই চারজনকে হত্যা করা সম্ভব কি না, তা নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছেন নিহতদের স্বজন ও স্থানীয়রা। মামলায় অন্য কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও বিভিন্ন কর্মসূচি পালন করেছেন তাঁরা। বর্তমানে দুই আসামি রংপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।