লন্ডনে যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হেইডি আলেকজান্ডারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বৈঠকে দুই দেশের পরিবহন, বন্দর উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে শেখ রবিউল আলম প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা যুক্তরাজ্যের মন্ত্রীর কাছে পৌঁছে দেন। তিনি বলেন, বর্তমান সরকার গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের বিদ্যমান সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চায়।

মন্ত্রী আন্তর্জাতিক জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকদের জন্য ট্রানজিট ও নাবিক-সংক্রান্ত ভিসা সহজীকরণে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি জাহাজ নির্মাণ, সামুদ্রিক প্রকৌশল, বন্দর উন্নয়ন, সামুদ্রিক পরিবহন এবং বন্দরভিত্তিক শিল্পে ব্রিটিশ বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর ও যৌথ উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান।

তিনি জানান, বাংলাদেশ জাহাজ পুনর্ব্যবহার শিল্পে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে হংকং আন্তর্জাতিক কনভেনশন বাস্তবায়নে কাজ করছে। বর্তমানে দেশের ৪২টি জাহাজ পুনর্ব্যবহার ইয়ার্ডের মধ্যে ২৭টি আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে এবং বাকি ইয়ার্ডগুলোও পর্যায়ক্রমে আধুনিকায়ন করা হচ্ছে।

এছাড়া বাংলাদেশ আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার জলবায়ু ও গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর বৈশ্বিক উদ্যোগের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে পরিবেশবান্ধব ও টেকসই সামুদ্রিক পরিবহন ব্যবস্থার উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে।

বৈঠক শেষে শেখ রবিউল আলম যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। উভয় পক্ষ পরিবহন, বন্দর, বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।