টানা বৃষ্টি, ঝড়ো হাওয়া ও উত্তাল সমুদ্রের কারণে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটায় দেখা দিয়েছে পর্যটক খরা। সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে পর্যটকের যে ভিড় থাকার কথা ছিল, বৈরী আবহাওয়ার কারণে তা দেখা যায়নি। ফলে আগাম বুকিং বাতিল করায় ক্ষতির মুখে পড়েছেন হোটেল-মোটেল মালিক, রেস্তোরাঁ ব্যবসায়ী, ট্যুর অপারেটর, ট্যুর গাইড, অটোরিকশা চালক ও সৈকতসংলগ্ন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

কয়েক দিন ধরে কুয়াকাটার আকাশ মেঘাচ্ছন্ন। থেমে থেমে বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়া। উত্তাল সমুদ্রের কারণে সৈকতে পর্যটকদের উপস্থিতি ছিল খুবই কম। যারা এসেছেন, তারাও অধিকাংশ সময় হোটেলের কক্ষেই অবস্থান করেছেন। ফলে সাধারণত পর্যটকে মুখর থাকা সৈকতজুড়ে ছিল অনেকটাই নির্জন পরিবেশ।

পর্যটন সংশ্লিষ্টদের আশা, আবহাওয়া দ্রুত স্বাভাবিক হলে আবারও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠবে কুয়াকাটা সমুদ্রসৈকত।