https://timenewsbangla.com

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের কয়েক ঘণ্টার পর ৬ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। দ্বিতীয় ভূমিকম্পটি উত্তর সুমাত্রার পেমাতাংসিয়ান্তার শহরের কাছে ১৬৩ কিলোমিটার গভীরে আঘাত হানে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে ভোরে পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা থাকায় প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভূমিকম্পে সিক্কা শহরসহ বিভিন্ন এলাকায় বাড়িঘর ও ভবন ধসে পড়ে। প্রাথমিক হিসাবে ৫৪টি বাড়ি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পাঁচটি স্বাস্থ্যকেন্দ্র, তিনটি উপাসনালয়, ছয়টি সরকারি ভবন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। মাংগারাই প্রদেশকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে।