রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনার পর ঢাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, ফ্লাইওভার ও রাজধানীর প্রবেশপথসহ বিভিন্ন স্থানে দুই শতাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি নিয়াজ মেহেদী জানান, রাজধানীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টের পাশাপাশি ঢাকায় প্রবেশ ও বের হওয়ার পথগুলোতেও কড়া নজরদারি করা হচ্ছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর সাত থেকে নয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে কয়েকটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এসব ঘটনায় মোটরসাইকেল ব্যবহারের তথ্য পাওয়ায় চেকপোস্টগুলোতে মোটরসাইকেলের প্রতি বিশেষ নজর দেওয়া হচ্ছে।

ডিএমপি জানিয়েছে, মোটরসাইকেলসহ সন্দেহজনক যানবাহনে নিবিড় তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি নগরজুড়ে পিকেট ডিউটি, থানা মোবাইল প্যাট্রোল, ফুট প্যাট্রোল ও হোন্ডা প্যাট্রোল বাড়ানো হয়েছে।

নিয়াজ মেহেদী বলেন, বড় ধরনের অপরাধ বা নাশকতা প্রতিরোধে গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং এপিবিএনের সদস্যদের মাঠে মোতায়েন রাখা হয়েছে। ঢাকায় প্রবেশের চারটি প্রধান পথেও পুলিশ তল্লাশি কার্যক্রম চালাচ্ছে।

শুক্রবারের ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা হয়েছে। ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।