সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার ভোররাতে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে রাজধানীজুড়ে বিমান হামলার সতর্কতা জারি করেছিল সৌদি কর্তৃপক্ষ। তবে তাৎক্ষণিকভাবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এএফপির সাংবাদিকদের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে রিয়াদের বাসিন্দাদের মোবাইলে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। এতে জানানো হয়, পুরো এলাকা শত্রুপক্ষের বিমান, ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিতে রয়েছে। নাগরিকদের ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়।

সতর্কবার্তা জারির কিছুক্ষণ পর রিয়াদে দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রায় আধা ঘণ্টা পর হামলার ঝুঁকি কমে গেলে জরুরি সতর্কতা প্রত্যাহার করা হয়।

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতিদের সঙ্গে সৌদি আরবের উত্তেজনার মধ্যে রিয়াদে এ ঘটনা ঘটল। গত জুলাইয়ে ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার পর এটি রাজধানীকে সরাসরি লক্ষ্য করে প্রথম হামলা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে হুতিরা চলতি মাসে ইয়েমেনের লোহিত সাগর উপকূলে অভিযান জোরদার করেছে। এতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন সংকট তৈরি হয়েছে।

সৌদি আরবের তেল রপ্তানির ক্ষেত্রেও এর প্রভাব পড়েছে। কেপলারের তথ্য অনুযায়ী, জুলাই থেকে বাব আল-মানদেব দিয়ে সৌদি তেল রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে গত সপ্তাহেও পাঁচটি তেলবাহী জাহাজ এই জলপথ অতিক্রম করেছে।