সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ধোঁয়ার কুণ্ডলি দেখা যাওয়ার পর বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিমানবন্দর থেকে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল ও অনেক ফ্লাইট বিলম্বিত হয়েছে।
বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, রিয়াদ বিমানবন্দরে বড় ধরনের ফ্লাইট ডিসরাপশন দেখা দিয়েছে। তাদের সূচকে বিমানবন্দরটির বিঘ্নের মাত্রা সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি দেখানো হয়েছে।
বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় বাসিন্দারা বিমানবন্দরের কাছ থেকে কালো ধোঁয়া ও আগুনের মতো কিছু দেখতে পেয়েছেন। তবে এ ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে সৌদি আরবের বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছিল। এর পরপরই রিয়াদ বিমানবন্দরে বিমান চলাচলে ব্যাপক বিঘ্নের খবর পাওয়া যায়।
এদিকে, ইয়েমেনের হুথিদের সঙ্গে সৌদি আরবের নতুন করে উত্তেজনা চলার মধ্যেই এই ঘটনা ঘটল। হুথিরা এর আগে সৌদি আরবের বিরুদ্ধে হামলার অভিযোগ করে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছিল। তবে রিয়াদ বিমানবন্দরের কাছে ধোঁয়া ওঠার ঘটনার সঙ্গে কোনো হামলার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি।
এদিকে, রিয়াদ থেকে ঢাকাগামী এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট বাতিল হওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশি প্রবাসী আনোয়ার মিজি। তিনি জানান, বিমান চলাচলে বিঘ্ন ঘটলেও রিয়াদের বিমানবন্দর পুরোপুরি বন্ধ হয়নি এবং সৌদি আরবের অন্যান্য বিমানবন্দর সচল রয়েছে।

মন্তব্য করুন