কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা নাহিদের ১৩ বছর বয়সী ছেলে অপ্রতিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল অপ্রতিম। এরপর সে আর বাসায় ফিরে আসেনি।

সন্ধ্যার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশের ঝোপে অপ্রতিমের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের পর ঘটনার কারণ এবং অপ্রতিমের মৃত্যুর প্রকৃত পরিস্থিতি জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।