সুনামগঞ্জের তাহিরপুরে পারিবারিক কলহের জেরে তিন সন্তানকে বিষপান করানোর পর এক বাবা নিজেও বিষপান করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই বাবাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাই গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় ওই বাবা তার তিন সন্তানকে বিষপান করান। পরে নিজেও বিষপান করেন। সকালে বিষয়টি জানতে পেরে প্রতিবেশী ও স্বজনরা তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তিন শিশুকেই মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ বাবাকে পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
তাৎক্ষণিকভাবে নিহত তিন শিশুর নাম ও বয়স জানা যায়নি। কী কারণে এই ঘটনা ঘটেছে, সেটিও এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন শিশুর লাশ দেখতে পায়। তাদের পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য শিশুদের মরদেহ তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন