জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বশান্তি, মানবতা, গণতন্ত্র, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পক্ষে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মাহদী আমিন বলেন, জাতিসংঘে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি বিশ্বশান্তি প্রতিষ্ঠা, ফিলিস্তিনিদের অধিকার এবং জাতিসংঘের মাধ্যমে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দিয়েছেন।
তিনি জানান, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান, প্রযুক্তি ও পরিবেশসহ বিভিন্ন খাতে সরকারের পরিকল্পনা জাতিসংঘের অধিবেশনে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন এবং জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার ওপরও জোর দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি সদস্যদের অবদানের প্রশংসা করা হয়েছে।
এ ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলা, স্বাস্থ্য, আঞ্চলিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে বলেও জানান মাহদী আমিন।

মন্তব্য করুন