রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের তিন নেতা-কর্মীসহ চারজনের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি। বৃহস্পতিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপাচার্যের কনফারেন্স রুমে সাংবাদিকদের এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

উপাচার্য বলেন, গত ৪ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে সংঘটিত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং দোষীদের শাস্তির সুপারিশ করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটির সদস্যরা সব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সর্বসম্মতিক্রমে লিখিত প্রতিবেদন জমা দিয়েছেন।

তদন্ত কমিটির চূড়ান্ত সুপারিশে অপরাধের ধরন ও মাত্রা বিবেচনায় চারজনের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের কথা বলা হয়েছে।

সুপারিশের তালিকায় রয়েছেন, আহসান হাবীব, রাবি ছাত্রদলের সহসভাপতি; বিশাল চক্রবর্তী, রাবি ছাত্রদলের কর্মী; হাসিবুল হাসান, রাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক; এবং আরিফুল ইসলাম, শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস)।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করছে অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা।