যুক্তরাজ্যের দক্ষিণ ইয়র্কশায়ারের ডনকাস্টার এলাকার ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে বাঘের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) পার্কের বাঘের ঘেরের ভেতরে প্রবেশের পর তিনি আক্রমণের শিকার হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
দক্ষিণ ইয়র্কশায়ার পুলিশ জানায়, শনিবার দুপুর ১টা ৩৫ মিনিটে বাঘের ঘেরের ভেতরে এক ব্যক্তির প্রবেশের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে বাঘের আক্রমণে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। নিহতের পরিবারের সদস্যদের এ বিষয়ে জানানো হয়েছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
এ মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছে ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক কর্তৃপক্ষ। এক বিবৃতিতে নিহত ব্যক্তির পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। কীভাবে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে পার্ক কর্তৃপক্ষ।
ঘটনার পর নিরাপত্তার স্বার্থে পার্কটি খালি করে দেওয়া হয়। পাশাপাশি, পরদিন পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর বাঘটি আহত হয়নি এবং নিজের ঘেরের ভেতরেই ছিল। এ কারণে সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিকভাবে অন্য কোনো ঝুঁকি নেই বলে জানানো হয়েছে। ঘটনার পর পুলিশ সদস্যরা পার্কটিতে অবস্থান করেন।
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই জরুরি সাড়াদান কার্যক্রম শুরু করা হয়। কী পরিস্থিতিতে ওই ব্যক্তি বাঘের ঘেরের ভেতরে প্রবেশ করেছিলেন এবং কীভাবে আক্রমণের ঘটনা ঘটেছে, তা নির্ধারণে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিও শেয়ার না করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির পরিবারের প্রতি সম্মান জানানো এবং তদন্তের স্বার্থে এ ধরনের ভিডিও প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

মন্তব্য করুন