রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে এক দিনে ২ হাজার ৭৯৯টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৬৯২টি গাড়ি ডাম্পিং এবং ৪২৯টি গাড়ি রেকার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ১২৮টি, লালবাগ বিভাগে ১৬৫টি, মতিঝিল বিভাগে ৩৬৪টি, ওয়ারী বিভাগে ৩৮৬টি এবং তেজগাঁও বিভাগে ১৭৯টি মামলা করা হয়েছে।
এ ছাড়া ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৫১টি, উত্তরা বিভাগে ৪১২টি এবং গুলশান বিভাগে সর্বোচ্চ ৮১৪টি মামলা করা হয়েছে।
বিভাগভিত্তিক অভিযানে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল রয়েছে।
ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। রাজধানীর সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ট্রাফিক আইন মেনে চলতে চালক ও সড়ক ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়েছে ডিএমপি।

মন্তব্য করুন