ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণ ও একটি আইফোন আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আটক করা এসব পণ্যের শুল্ককরাদিসহ আনুমানিক মূল্য ১ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ১৬৭ টাকা।

গত ১২ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়।

শাহজালালে ৬১ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও আইফোন আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়ালালামপুর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-০৩১৬ ফ্লাইটে আসা যাত্রী ফাতেমা তুজ জোহরার ব্যাগেজ তল্লাশি করে ২৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার ও একটি আইফোন ১৮ প্রো ম্যাক্স আটক করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।

গ্রিন চ্যানেল অতিক্রমের সময় ব্যাগেজ সন্দেহজনক মনে হওয়ায় বিধি অনুযায়ী পরীক্ষা করা হয়। আটক পণ্যের আনুমানিক মূল্য ৬১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকা।

চট্টগ্রামে জুতার ভেতরে মিলল স্বর্ণ

একই দিনে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে আসা দুই যাত্রীর কাছ থেকে ৪৩৪ গ্রাম স্বর্ণ আটক করা হয়।

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, যাত্রী তানবীর হাসান রিফাতের জুতার ভেতরে লুকানো অবস্থায় ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার এবং দেহ তল্লাশি করে ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার পাওয়া যায়।

একই ফ্লাইটে আসা অপর যাত্রী মো. হাবিবুর রহমানের ব্যাগেজ ও দেহ তল্লাশি করে আরও ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার এবং ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

চট্টগ্রামে আটক করা স্বর্ণের শুল্ককরাদিসহ আনুমানিক মূল্য ৭৮ লাখ ১২ হাজার টাকা।

এক সপ্তাহে চট্টগ্রামে ৯০২ গ্রাম স্বর্ণ আটক

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গত এক সপ্তাহে বিভিন্ন যাত্রীর কাছ থেকে ৭০২ গ্রাম স্বর্ণবার ও ২০০ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মোট ৯০২ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে।

অবৈধভাবে স্বর্ণ ও উচ্চমূল্যের পণ্য দেশে প্রবেশ ঠেকাতে বিমানবন্দরগুলোতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। রাজস্ব সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলবে।