সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সাময়িক বিধিনিষেধের কারণে ঢাকা থেকে সৌদিগামী ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ৮৬টি ফ্লাইট বাতিল বা স্থগিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ১৩ হাজার ৪৯০ জন যাত্রী। এতে প্রবাসী কর্মীসহ সৌদি আরবগামী বিভিন্ন শ্রেণির যাত্রীদের যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বেবিচকের তথ্য অনুযায়ী, বিঘ্নিত ৮৬টি ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ৩৬টি এবং ট্রানজিট ফ্লাইট ৫০টি। সরাসরি ফ্লাইটের ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের সাতটি এবং সৌদিয়া এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।

অন্যদিকে, ট্রানজিটের মাধ্যমে সৌদি আরব যাতায়াতের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটে। এ সংস্থার ২২টি ফ্লাইটের পাশাপাশি এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি, ফ্লাই দুবাইয়ের ছয়টি, সালাম এয়ারের চারটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৌদি কর্তৃপক্ষের আকস্মিক বিধিনিষেধের কারণে অনেক যাত্রী বিমানবন্দরে পৌঁছে ফ্লাইট বাতিল বা স্থগিতের খবর পেয়েছেন। ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে কর্মস্থলে যোগ দিতে যাওয়া প্রবাসী কর্মীদের পাশাপাশি অন্যান্য যাত্রীরাও পড়েছেন দুর্ভোগে।

এদিকে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। এ অবস্থায় যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা, নতুন সময়সূচি এবং টিকিটের তারিখ পরিবর্তনের বিষয়ে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।