শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রথমবারের মতো বিশেষ বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে এ সার্ভিস। এ জন্য দেশের বিভিন্ন রুটে ২০০টি বাস প্রস্তুত রেখেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা অনুযায়ী দুর্গাপূজায় যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শুক্রবার (১৬ অক্টোবর) থেকে ঢাকা ও সারা দেশে বিআরটিসির ২২টি বাস ডিপোতে অগ্রিম টিকিট বিক্রি এবং বাস রিজার্ভের ব্যবস্থা চালু থাকবে।
বিশেষ বাস সার্ভিসের আওতায় ঢাকা ও গাজীপুর থেকে দেশের বিভিন্ন জেলায় যাতায়াতের সুযোগ থাকবে। এসব রুটের মধ্যে রয়েছে রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রাম।
এ ছাড়া জেলার অভ্যন্তরীণ ও আন্তজেলা—দুই ধরনের রুটেই বাস চলাচল করবে। যাত্রীদের চাহিদা বাড়লে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে বিআরটিসি।
সংস্থাটির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশেষ সার্ভিস পরিচালনার জন্য রাজধানীর মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ও মহাখালী বাস টার্মিনালে ৬০টি বাস প্রস্তুত রাখা হবে।
বিআরটিসির এ উদ্যোগের মাধ্যমে দুর্গাপূজার সময় যাত্রীদের যাতায়াতের চাপ সামাল দেওয়া এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন