খুলনার বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে কমেছে সবজি ও মুরগির মাংসের দাম। কেজিপ্রতি সবজির দাম ৫ থেকে ১০ টাকা এবং মুরগির মাংসের দাম ৬ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। তবে মাছের বাজারে এখনো স্বস্তি ফেরেনি। চড়া দামেই কিনতে হচ্ছে বিভিন্ন ধরনের মাছ।
রোববার (১৮ অক্টোবর) নগরীর নতুন বাজার, গল্লামারি ও খালিশপুর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে বর্তমানে প্রতি কেজি কুমড়া ৩০-৩৫ টাকা, লাউ ৩০-৪০, পুঁইশাক ১৫-২০, লালশাক ২০-২৫, আলু ২৫-৩০, বেগুন ৫০-৬০, ঢেঁড়স ৪০-৫০, পটল ৪০, ফুলকপি ৭০-৮০, শসা ৫০-৬০ এবং পেঁপে ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া করলা ৭০, শিম ১৪০, কাঁচা মরিচ ১০০-১২০, টমেটো ১৮০-২০০, পেঁয়াজ ৪৫-৫০, আদা ১৬০ ও রসুন ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে, মাছের বাজারে প্রতি কেজি রুই ও কাতলা ২৮০-৩০০ টাকা, তেলাপিয়া ১৬০-২০০, পাঙাশ ১৭০-২০০ এবং চাষের কৈ ২০০-২২০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি কৈ ৫৫০-৬০০, টেংরা ৫৫০-৬৫০, বোয়াল ৬০০-৮০০ এবং চিংড়ি ৭০০-৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মুরগির বাজারে ব্রয়লার ১৬৫-১৭০, কক ২৩০-২৩৫ এবং দেশি মুরগি ৫৮০-৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০ এবং খাসির মাংস ১ হাজার ২০০ টাকা কেজি।
সবজি বিক্রেতা আমজাদ গাজী বলেন, শীতের আগমনে বাজারে সবজির সরবরাহ বাড়ছে। তবে টমেটো ও ফুলকপির মতো সবজির দাম এখনো বেশি।
মুরগি ব্যবসায়ী হাসান জানান, কয়েক দিন ধরে ব্রয়লারের দাম কমেছে। বাজারে সরবরাহ স্বাভাবিক রয়েছে।
ক্রেতাদের অভিযোগ, সবজি ও মুরগির দাম কমলেও মাছের বাজার এখনো চড়া। মাছের দাম কমলে সাধারণ মানুষের জন্য বাজার করা আরও স্বস্তিদায়ক হতো।



মন্তব্য করুন