চোরাচালানের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি টাকার স্বর্ণ ও হীরা কেনাবেচা এবং অর্থপাচারের অভিযোগে করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (২০ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক মো. আশরাফুল হাসান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালতে এ আবেদন করেন। এ বিষয়ে আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকা থেকে দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার এজাহার অনুযায়ী, ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে গুলশান অ্যাভিনিউয়ে অবস্থিত ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম ও কার্যালয়কেন্দ্রিক লেনদেনের বিষয়ে অনুসন্ধান চালায় সিআইডি। এ ঘটনায় গত বছরের নভেম্বরে গুলশান থানায় মামলা করা হয়।
সিআইডির অনুসন্ধানে পাওয়া ব্যাংক হিসাব, সংশ্লিষ্ট নথিপত্র ও জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী, ডায়মন্ড ওয়ার্ল্ড বৈধভাবে ঋণপত্রের (এলসি) মাধ্যমে বিদেশ থেকে প্রায় ৩৮ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণবার, স্বর্ণালংকার, হীরা ও অন্যান্য অলংকার আমদানি করেছে।
অন্যদিকে, একই সময়ে স্থানীয় বাজার থেকে প্রতিষ্ঠানটি ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার টাকার স্বর্ণ ও হীরা কেনা, বিনিময় বা রূপান্তর করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তবে এসব পণ্যের উৎস ও ক্রয়ের পক্ষে প্রয়োজনীয় বৈধ নথিপত্র পাওয়া যায়নি বলে দাবি তদন্তকারীদের।
সিআইডির অভিযোগ, ডায়মন্ড ওয়ার্ল্ড ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধ স্বর্ণ ও হীরার ব্যবসা পরিচালনা করা হয়েছে। এ অভিযোগের তদন্তে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য দিলীপ আগরওয়ালাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সংস্থাটি।
এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর র্যাব তাকে গ্রেপ্তার করেছিল। পরে বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। সংশ্লিষ্ট সব মামলায় জামিন পাওয়ার পর ২০২৫ সালের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান তিনি।
তবে স্বর্ণ ও হীরা চোরাচালান এবং অর্থপাচারের অভিযোগগুলো এখনো তদন্তাধীন। এসব অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে মামলার পরবর্তী আইনি পরিণতি।

মন্তব্য করুন