কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে কোড লেখার জনপ্রিয় টুল ওপেনকোডের পুরোনো একটি সিস্টেমে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির অনলাইন প্ল্যাটফর্ম ওপেনকোড কনসোলের প্রায় ১ দশমিক ৪ শতাংশ ব্যবহারকারী আক্রান্ত হয়েছেন। হামলার ফলে কয়েকজন ব্যবহারকারীর অ্যাকাউন্টে অননুমোদিত খরচ হয়েছে, যার পরিমাণ কারও কারও ক্ষেত্রে এক হাজার ডলার ছাড়িয়েছে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার ওপেনকোড এ হামলার বিষয়টি প্রকাশ করে। প্রতিষ্ঠানটির ধারণা, ঘটনাটি বড় পরিসরের ‘ডিস্টিলেশন অ্যাটাক’-এর সঙ্গে সম্পর্কিত হতে পারে। এ পদ্ধতিতে একটি এআই মডেলের তৈরি ফলাফল ব্যবহার করে অন্য মডেলকে প্রশিক্ষণ দেওয়া হয়। তবে হামলার পেছনে ডিস্টিলেশনের উদ্দেশ্য ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়। অনেকের মতে, এটি সাধারণ সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনাও হতে পারে।
ওপেনকোড কনসোলে সংরক্ষিত কিছু ব্যবহারকারীর এপিআই কি ফাঁস হওয়ার পর হামলাকারীরা সেগুলো ব্যবহার করে ওপেনএআই, অ্যানথ্রপিক ও গুগলের এআই সেবায় অননুমোদিত প্রবেশের সুযোগ পেয়ে থাকতে পারে। পরে কয়েকজন ডেভেলপার রেডিট ও এক্সে অস্বাভাবিক খরচের সতর্কবার্তা এবং বিপুল অঙ্কের বিল পাওয়ার কথা জানান।
ঘটনার পর অ্যানথ্রপিক ও গুগল সন্দেহভাজন ফাঁস হওয়া এপিআই কি বন্ধ করেছে। ওপেনএআই জানিয়েছে, তারা ওপেনকোডের সঙ্গে কাজ করে সেবা পুনরুদ্ধারে সহায়তা করেছে। পাশাপাশি হামলায় ব্যবহৃত ক্রেডিটের অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ওপেনকোডও ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ ফেরতের প্রক্রিয়া শুরু করেছে।
ওপেনকোডের সহপ্রতিষ্ঠাতা ডাক্স রাডের দাবি, হামলার প্রভাব শুধু ওপেনকোড কনসোলে সীমাবদ্ধ ছিল। প্রতিষ্ঠানটির ওপেন সোর্স অ্যাপ ও কমান্ড-লাইন টুল আক্রান্ত হয়নি।
এদিকে, হামলাকারীরা টানা ৪৮ ঘণ্টা সিস্টেমে প্রবেশের চেষ্টা চালিয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ঘটনার তদন্ত এখনো চলছে। তবে কীভাবে পুরোনো সিস্টেমে অনুপ্রবেশ ঘটেছে, তা স্পষ্ট হয়নি।
এই ঘটনা এআই সেবার নিরাপত্তা, এপিআই কি সংরক্ষণ এবং সাইবার হামলা শনাক্তে এআই ব্যবহারের সীমাবদ্ধতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আক্রান্ত ব্যবহারকারীদের পুরোনো এপিআই কি বাতিল করে নতুন কি তৈরির পরামর্শ দিয়েছে ওপেনকোড।

মন্তব্য করুন