কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় টিউবওয়েল স্থাপনের জন্য মাটি খনন করতে গিয়ে হঠাৎ গ্যাসের সঙ্গে আগুন বের হতে শুরু করেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তবে মাটি থেকে এখনো তীব্র গতিতে গ্যাস ও আগুন বের হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে ইনানী এলাকার হোটেল বেওয়াচের কাছে টিউবওয়েল বসানোর জন্য বোরিং করার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাটিতে বোরিং শুরু করার পরপরই গ্যাসের সঙ্গে আগুন বের হতে থাকে। ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকায় উদ্বেগ তৈরি হয়।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুল ইসলাম জানান, ইনানীতে হোটেল বেওয়াচ এলাকায় টিউবওয়েল স্থাপনের জন্য বোরিং করার সময় মাটি থেকে তীব্র গতিতে গ্যাসসহ আগুন বের হতে শুরু করে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। তবে গ্যাস নির্গমন এখনো বন্ধ হয়নি।

মন্তব্য করুন