জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীদের টানা ১৪ দিনের আন্দোলন এবং আমরণ অনশনের মুখে বদলি করা হয়েছে আলোচিত ইনচার্জ মাকসুদা ইয়াসমিনকে। তাকে তার আগের কর্মস্থল শেরপুর সদর হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে যোগদানের নির্দেশ দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। একই সঙ্গে কলেজটির নতুন ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়েছেন রঞ্জনা থিগিদি।সোমবার (২৬ অক্টোবর) সকালে অধিদপ্তরের ওয়েবসাইটে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এরপর দুপুর ১২টার দিকে কমপ্লিট শাটডাউন ও আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।জানা গেছে, গত ১২ অক্টোবর মাকসুদা ইয়াসমিনকে জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে যোগদানের নির্দেশ দেওয়া হয়। এর পর থেকেই তার বদলির আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ, ক্লাস বর্জন ও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষার্থীরা।

আন্দোলনের ধারাবাহিকতায় রোববার রাত ৮টা থেকে আমরণ অনশনে বসেন কলেজের তিন শিক্ষার্থী—ইফাজ মাহি, মুকছেদুল ইসলাম ও ফরহাদ তামিম। তাদের অনশনের মধ্যেই সোমবার সকালে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়।

অনশনরত শিক্ষার্থী মুকছেদুল ইসলাম বলেন, মাকসুদা ইয়াসমিনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। শেরপুর নার্সিং কলেজেও তার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল বলে দাবি করেন তিনি। এসব অভিযোগের কারণে তাকে জামালপুর কলেজে মেনে নিতে রাজি ছিলেন না শিক্ষার্থীরা।

অন্যদিকে, নতুন ইনচার্জ রঞ্জনা থিগিদি বলেন, দায়িত্ব পেয়ে তিনি আনন্দিত। কলেজে দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন বলে জানান তিনি।

মাকসুদা ইয়াসমিনের বদলির প্রজ্ঞাপন প্রকাশের পর আন্দোলন প্রত্যাহার করায় আপাতত জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে অচলাবস্থার অবসান হয়েছে।