দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪১৪ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৫৮ জনের। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯২ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৯ জন।
বিভাগভিত্তিক হিসাবে হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে মারা গেছেন ৬ জন।
অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬০ জনে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ২৬৯ জনের।
একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১২ হাজার ৪০২ জন।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট সন্দেহজনক মৃত্যু হয়েছে ১ হাজার ২০৯ জনের। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামজনিত মৃত্যুর সংখ্যা ১০৫।

মন্তব্য করুন