তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা পড়লেও তা প্রকাশ করেনি নিম্নতম মজুরি বোর্ড। শ্রমিকপক্ষ প্রস্তাবটিকে অগ্রহণযোগ্য বললেও মালিকপক্ষের দাবি, শ্রমিকদের মজুরি প্রস্তাব অনেক বেশি।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের বৈঠক শেষে চেয়ারম্যান সৈয়দ আজাদ সোবহানী জানান, প্রস্তাবটি এখনো চূড়ান্ত নয়। আলোচনা চলবে রাত ১০টা পর্যন্ত। প্রয়োজনে মঙ্গলবারও বৈঠক হতে পারে।
শ্রমিক প্রতিনিধি বাবুল আক্তার জানান, মালিকপক্ষ কম মজুরি দিয়ে আলোচনা শুরু করেছে। তবে দর-কষাকষির মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে। ২০২৩ সালে শ্রমিকদের ২৩ হাজার টাকা মজুরির দাবি থাকলেও শেষ পর্যন্ত তা ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
তিনি বলেন, শ্রমিকদের আন্দোলন চললেও উৎপাদন বন্ধ রাখার পক্ষে তারা নন। শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে বাবুল আক্তার বলেন, মজুরি বোর্ডের আলোচনার মাধ্যমেই দাবি নিষ্পত্তি হওয়া উচিত।
অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুদ্দিন বলেন, মজুরি নির্ধারণে শিল্পের সক্ষমতা বিবেচনায় নিতে হবে। শিল্প ও শ্রমিক, উভয়ের স্বার্থ রক্ষা করেই সিদ্ধান্ত নেওয়া জরুরি।
মজুরি বোর্ড জানিয়েছে, আলোচনা ও সংশোধিত প্রস্তাবের ভিত্তিতে ন্যূনতম মজুরি চূড়ান্ত করা হবে।

মন্তব্য করুন