পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলির ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করলে দুর্বৃত্তরা হামলা চালিয়ে গুলি করে। এতে পাঁচজন আহত হন।

আহতরা হলেন মিজান খাঁ, রিফাত হোসেন, রিশাদ হোসেন, রবিউল ও মহিদুল ইসলাম। তাঁদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাবনা জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সাদ্দাম হোসেন ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেছেন।

ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান জানান, পাঁচজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে।