ঢাকা
২৮ আগস্ট ২০২৬

রমনা পার্কে স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৪ জুলাই ২০২৬   ৩১ বার পঠিত
রমনা পার্কে স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে যুবক আটক

ছবি: -সংগৃহীত

রাজধানীর রমনা পার্কে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে আল-আমিন (২৬) নামে এক যুবককে আটক করেছেন পার্কের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা। শনিবার (৪ জুলাই) দুপুরে কাকরাইল মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুরের দিকে পার্কে টহলরত আনসার সদস্যরা এক কিশোরীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন। তার সঙ্গে থাকা যুবকের গতিবিধিও সন্দেহজনক মনে হলে তারা দুজনকে জিজ্ঞাসাবাদ করেন।

এ সময় আল-আমিন নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দুটি পরিচয়পত্র দেখান। তবে যাচাই-বাছাইয়ে সেগুলো ভুয়া বলে সন্দেহ হয় আনসার সদস্যদের।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আনসার জানিয়েছে, কিশোরীকে অপহরণের উদ্দেশ্যে অভিযুক্ত তাকে চেতনানাশক মিশ্রিত পানীয় পান করিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।

আনসার সদস্যরা অভিযুক্তের কাছ থেকে দুটি সন্দেহভাজন ভুয়া পরিচয়পত্র, একটি জাতীয় পরিচয়পত্র এবং দুটি মোবাইল ফোন জব্দ করেন। পরে আটক যুবক, জব্দ করা আলামত এবং উদ্ধার হওয়া স্কুলছাত্রীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।