https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগটি জমা দেওয়া হয়। মামলাটি ট্রাইব্যুনাল-২-এর কার্যতালিকায় দুই নম্বরে রয়েছে।
প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, এতদিন মামলাটি মিসকেস বা বিবিধ মামলা হিসেবে তদন্ত করেছে তদন্ত সংস্থা। দীর্ঘ তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেন। পরে প্রতিবেদন যাচাই-বাছাই করে আজ আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।
তিনি বলেন, অভিযোগের বিষয়ে শুনানি শেষে ট্রাইব্যুনাল পরবর্তী আদেশ দেবেন।
এদিকে বৃহস্পতিবার সকালে কারাগার থেকে সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার পরবর্তী ধাপে অভিযোগের ওপর ট্রাইব্যুনালের শুনানি ও আদেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।