অতিবৃষ্টি ও জলাবদ্ধতা পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মাঠপ্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা, সমন্বয় এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই।”

রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), সিভিল সার্জন এবং মাঠপ্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভায় তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় বিভিন্ন জেলার কর্মকর্তারা নিজ নিজ এলাকার জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি, ক্ষয়ক্ষতি, আশ্রয়কেন্দ্রের অবস্থা, উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং চিকিৎসাসেবার অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

পরে প্রধানমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণসামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ পানীয় জল, শিশুখাদ্য, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবা পৌঁছে দিতে হবে। এ কাজে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না।

তিনি আশ্রয়কেন্দ্রগুলোতে নিরাপদ পরিবেশ নিশ্চিতের পাশাপাশি পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা, বিদ্যুৎ ও যোগাযোগ সুবিধা সচল রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

এ ছাড়া নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি এবং গর্ভবতী নারীদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে বিশেষ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, চলমান দুর্যোগ মোকাবিলায় সরকারের সব সংস্থা এবং মাঠপ্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ দ্রুত লাঘব করা যায়।