https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশের তৈরি পোশাক শিল্পে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তিগত আধুনিকায়ন এবং টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ওকাইব) যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে ওকাইবের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময় সভায় এ বিষয়ে ঐকমত্য হয়।
সভায় বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খানের নেতৃত্বে সংগঠনের নেতারা এবং ওকাইবের সভাপতি ফেলিক্স চ্যাং ওয়াই সির নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।
বৈঠকে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এগুলো হলো— যৌথ বিনিয়োগ ও কারখানা অধিগ্রহণ, শুল্ক ও নিয়ন্ত্রক প্রক্রিয়া সহজীকরণ, টেকসই ও পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা এবং উৎপাদনে স্বয়ংক্রিয় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার।
আলোচনায় জানানো হয়, তৈরি পোশাক ও ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পে সরাসরি চীনা বিনিয়োগের পাশাপাশি যৌথ মালিকানায় কারখানা পরিচালনা এবং বন্ধ বা সংকটে থাকা কারখানায় নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা হবে।
ব্যবসা সহজ করতে কাস্টমস ও বন্ড-সংক্রান্ত জটিলতা কমানো, যন্ত্রপাতির দ্রুত শুল্কায়ন এবং কার্যকর ওয়ান-স্টপ সার্ভিস চালুর বিষয়েও আলোচনা হয়।
টেকসই উৎপাদনের অংশ হিসেবে সার্কুলার ফ্যাশন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, কার্বন নিঃসরণ কমানো এবং গ্রিন প্রযুক্তিতে যৌথ বিনিয়োগের ওপরও গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ও স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ব্যবহারে প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়।
সভায় ওকাইব বাংলাদেশে কার্বন ট্রেডিং কার্যক্রমে আগ্রহ প্রকাশ করে। এছাড়া সোয়েটার শিল্পের আধুনিকায়নের লক্ষ্যে পুরোনো জ্যাকর্ড মেশিনের পরিবর্তে সর্বাধুনিক প্রযুক্তির মেশিন সরবরাহের একটি বিশেষ বিনিময় কর্মসূচির প্রস্তাব দেয়। তবে কাস্টমস ও প্রশাসনিক জটিলতা দূর করতে বিজিএমইএর সহযোগিতা চায় সংগঠনটি।
জবাবে বিজিএমইএ নেতারা জাতীয় রাজস্ব বোর্ড ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এসব জটিলতা নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে স্থানীয় উদ্যোক্তা ও চীনা বিনিয়োগকারীদের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তুলতে একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরির কথাও জানান তারা।
বিজিএমইএ নেতারা বলেন, বাংলাদেশ এখন উচ্চমূল্য সংযোজিত ও টেকসই পোশাক উৎপাদনের দিকে এগিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে চীনা বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা দেশের তৈরি পোশাক শিল্পকে বৈশ্বিক বাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ওকাইবের সভাপতি ফেলিক্স চ্যাং বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অগ্রগতির প্রশংসা করে ভবিষ্যতে নতুন বিনিয়োগ ও কারিগরি সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দেন।