ফিফার সূচি নিয়ে ক্ষুব্ধ স্কালোনি, বিশ্রামের সুযোগ পাইনি
ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৮ জুলাই ২০২৬ ২২ বার পঠিত
ছবি: -সংগৃহীত
বিশ্বকাপ ফাইনালের আগে ফিফার সূচি নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। নিউইয়র্কে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, নিউ জার্সিতে পৌঁছানোর পর পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না দিয়েই দলকে অনুশীলনে নামতে হয়েছে।
স্কালোনি জানান, সেমিফাইনালের পর আটলান্টা থেকে বৃহস্পতিবার রাতে নিউ জার্সিতে পৌঁছায় আর্জেন্টিনা। কিন্তু পরদিন বিকেলেই সংবাদ সম্মেলনসহ আনুষ্ঠানিকতা শেষ করে তীব্র গরমের মধ্যে অনুশীলন করতে হয়।
তার ভাষায়, গত রাত প্রায় ১১টায় আমরা এখানে পৌঁছেছি। কিন্তু শুক্রবার এমন সময়ে অনুশীলন করতে হয়েছে, যা আমরা মোটেও চাইনি। এতে নতুন কোনো কৌশল নিয়ে কাজ করার সুযোগই পাইনি।
আর্জেন্টিনা কোচের মতে, নকআউট পর্বের টানা ম্যাচের ধকলের মধ্যে খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম ও পুনরুদ্ধারের সময় না পাওয়াই সবচেয়ে বড় সমস্যা।
তিনি বলেন, এখন আমাদের মূল লক্ষ্য খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া। কয়েকজন এখনো শতভাগ ফিট নয়, তাদের অবস্থা মূল্যায়ন করে একাদশ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে প্রতিপক্ষ স্পেনকে সমীহ করলেও নিজেদের শক্তির ওপর আস্থা রাখছেন স্কালোনি। তিনি বলেন, আমরা নিজেদের খেলাতেই বিশ্বাস করি, তবে প্রতিপক্ষের শক্তির দিকগুলোও গুরুত্ব দিয়ে দেখছি।