ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
৯ সেপ্টেম্বর থেকে ঢাকা-যশোর রুটে ফের ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৯১ থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব জমা সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শিগগিরই গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি

৯ সেপ্টেম্বর থেকে ঢাকা-যশোর রুটে ফের ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬   ৬ বার পঠিত
৯ সেপ্টেম্বর থেকে ঢাকা-যশোর রুটে ফের ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

বৃহত্তর যশোর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিন দিন এ রুটে ছয়টি ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি এয়ারলাইন্সটি।

শনিবার, বুধবার ও বৃহস্পতিবার প্রতিদিন দুটি করে ফ্লাইট চলবে। যাত্রী পরিবহনে ব্যবহার করা হবে ৭২ আসনের এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ।

নতুন সময়সূচি অনুযায়ী, ওই তিন দিন সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সকাল ১০টা ১৫ মিনিটে যশোর পৌঁছাবে প্রথম ফ্লাইট। ফিরতি ফ্লাইটটি সকাল ১০টা ৪৫ মিনিটে যশোর থেকে ছেড়ে সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

দ্বিতীয় ফ্লাইটটি প্রতিদিন বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে বিকেল ৫টা ৩০ মিনিটে যশোর পৌঁছাবে। পরে সন্ধ্যা ৬টায় যশোর থেকে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ঢাকা-যশোর রুটে ইউএস-বাংলার সর্বনিম্ন একমুখী ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৪৯ টাকা। রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া ১১ হাজার ৪৯৮ টাকা। নির্ধারিত ভাড়ার সঙ্গে প্রযোজ্য কর ও সারচার্জ অন্তর্ভুক্ত রয়েছে।

২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে দেশের অভ্যন্তরীণ বিমান যোগাযোগ সম্প্রসারণে কাজ করে আসছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর ও রাজশাহী রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। এর ধারাবাহিকতায় যশোরের মানুষের বিমান যোগাযোগের চাহিদাকে গুরুত্ব দিয়ে রুটটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এয়ারলাইন্সটির পক্ষ থেকে বলা হয়েছে, বৃহত্তর যশোর অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা ও পর্যটনের পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে দ্রুত যোগাযোগের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রী চাহিদা ও বাজার পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে এ রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হতে পারে।

ফ্লাইটের বুকিং, সময়সূচি ও ভাড়া সম্পর্কে জানতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের হটলাইন ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করা যাবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031