ঢাকা
২৮ আগস্ট ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে কেন এই আকস্মিক বন্যা?

বুধবার, ২৬ আগস্ট ২০২৬   ১৩ বার পঠিত
নেপাল-তিব্বত সীমান্তে কেন এই আকস্মিক বন্যা?

নেপাল ও চীনের তিব্বত সীমান্তের হিমালয় এলাকায় আকস্মিক বন্যায় অন্তত ৯৫ জন নিহত হয়েছেন। পাহাড়ি ঢল ও ভূমিধসে সড়ক, সেতু, ঘরবাড়ি এবং বিদ্যুৎ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুত্বপূর্ণ জিরোং স্থলবন্দরও ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

প্রাথমিক ধারণা অনুযায়ী, একটি ভূমিকম্পের প্রভাবে লেন্দে খোলা নদীর উজানে বরফ ও পাথরের ধস নামে। এতে নদীর পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে পরে আকস্মিকভাবে বিপুল পানি নেমে এসে ভয়াবহ বন্যার সৃষ্টি করে।

সবচেয়ে উদ্বেগের বিষয়, ৪০৩ জন ভ্রমণকারী এখনো নিখোঁজ। তাঁদের মধ্যে ৬১ জন নেপালি এবং ৩৪১ জন বিদেশি নাগরিক। নিখোঁজ বিদেশিদের মধ্যে ভারতের ১৩৩, যুক্তরাষ্ট্রের ৪৭ এবং যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন। দক্ষিণ কোরিয়ার একটি জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৮ নাগরিকেরও কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। লেন্দে খোলা নদীর উজানে পানি ও ধসের ঝুঁকি থাকায় দ্বিতীয় দফায় বন্যার আশঙ্কা রয়েছে। হিমালয় থেকে নেমে আসা নদীগুলোর কারণে ভারতের বিহার ও উত্তর প্রদেশেও সতর্কতা জারি করা হয়েছে।

উদ্ধারে চীন ৫৭৪ জন উদ্ধারকর্মী মোতায়েন করেছে। তবে কাদা-পলি ও পানির প্রবল স্রোতের কারণে অভিযান ব্যাহত হচ্ছে। পানি না কমায় ক্ষতিগ্রস্ত এলাকায় হেলিকপ্টার অবতরণও কঠিন হয়ে পড়েছে। নেপাল ও ভারতের পাশাপাশি দক্ষিণ কোরিয়াও উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সহায়তার প্রস্তুতি নিচ্ছে।