ঢাকা
২৭ আগস্ট ২০২৬

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন ৫ দিনের রিমান্ডে

ছবি: -সংগৃহীত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মজিবুর রহমান ডনের সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে জানান, সালমান শাহের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডনের বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টার কারণ জানতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ১২ আগস্ট তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। ২৫ আগস্ট দায়রা আদালতও তার জামিন আবেদন নাকচ করেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যু হয়। প্রথমে এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয় এবং সিআইডি তদন্ত শেষে তার মৃত্যুকে আত্মহত্যা বলে প্রতিবেদন দেয়। পরে বাদীপক্ষের রিভিশন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এরপর সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলা করেন। এতে সালমান শাহের স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়। মামলায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য রয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031