https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল সেপ্টেম্বরের মধ্যেই ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। তবে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে তা অক্টোবর পর্যন্ত পিছিয়ে যেতে পারে। চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু করাই কমিশনের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান সিইসি।
তিনি বলেন, আসন্ন বিভিন্ন পাবলিক পরীক্ষা, দুর্গাপূজাসহ সামাজিক ও ধর্মীয় উৎসবের বিষয়টি বিবেচনায় নিয়েই নির্বাচনের সময়সূচি নির্ধারণ করতে হচ্ছে। তবে যেকোনো পরিস্থিতিতে চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে কমিশনের।
সিইসি জানান, নভেম্বর মাসে যাতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে ইসি। নভেম্বরের মধ্যেই পরীক্ষা শেষ করা গেলে বা সময়সূচিতে কিছুটা সমন্বয় করা সম্ভব হলে ডিসেম্বর থেকে ভোট আয়োজন করা যাবে।
নির্বাচনের সময় নির্ধারণের চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, নির্বাচন আয়োজনের প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন থাকলেও সময়সূচি নির্ধারণের পুরো নিয়ন্ত্রণ শুধু নির্বাচন কমিশনের হাতে থাকে না। আগামী বছরের শুরুতেই এসএসসি পরীক্ষা রয়েছে। তাই পরীক্ষা, জাতীয় উৎসব ও অন্যান্য কর্মসূচির সঙ্গে সমন্বয় করেই নির্বাচনের উপযুক্ত সময় নির্ধারণ করতে হবে।
রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিইসি বলেন, প্রায় ৪০ মিনিটের বৈঠকে নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনকে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও সর্বগ্রহণযোগ্য করতে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা চেয়েছে কমিশন। রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
রাষ্ট্রপতির মনোভাব তুলে ধরে সিইসি বলেন, দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান।
বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রস্তুতির বিষয়েও রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। সিইসি জানান, স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের জন্য কমিশন এখন পুরোপুরি প্রস্তুত। এ দুটি নির্বাচনকে সামনে রেখে শিগগিরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে ইসি। নির্বাচনের জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক কেনাকাটার কাজও ইতোমধ্যে শেষ হয়েছে।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থাও থাকবে বলে জানান সিইসি।
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কমিশনের প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হলেও পরীক্ষা, জাতীয় উৎসব ও অন্যান্য রাষ্ট্রীয় কর্মসূচির বিষয়গুলো বিবেচনায় নিতে হচ্ছে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে খুব শিগগিরই নির্বাচনের সঠিক তারিখ আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হবে।