চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সহকর্মীরা জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মস্থলে একটি সভায় ছিলেন ছায়েদুর রহমান। তখন তাকে স্বাভাবিক ও হাসিখুশি দেখা যায়। প্রায় দুই বছর আগে তিনি যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পান।
পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ছায়েদুর রহমানের স্ত্রী নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে গেলে তিনি দ্রুত বাসায় ফিরতে বলেন। পরে বাসায় ফিরে স্ত্রী তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
হালিশহর থানার ওসি জয়নাল আবেদিন মণ্ডল জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

মন্তব্য করুন