ফুটবলপ্রেমীদের জন্য চমক! লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোসহ কিংবদন্তি ফুটবলারদের সেরা মৌসুম বেছে নিতে বিশেষ ভোটের আয়োজন করেছে ফ্রান্স ফুটবল। তবে অনেকের ধারণা, ফিরছে ঐতিহাসিক ‘সুপার ব্যালন ডি’অর’। আয়োজকেরা জানিয়ে দিয়েছেন, এই ধারণা সঠিক নয়।ব্যালন ডি’অর পুরস্কারের ৭০ বছর পূর্তি উপলক্ষে ‘ব্যালন ডি’অর অব অল টাইম’ বা ‘বিওএটি’ নামে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দুই বা তার বেশি ব্যালন ডি’অর জেতা ১০ কিংবদন্তির সেরা মৌসুম বেছে নিতে পারবেন সমর্থকেরা।

তালিকায় রয়েছেন মেসি, রোনালদো, রোনালদো নাজারিও, ইয়োহান ক্রুইফ, ফ্রানৎস বেকেনবাওয়ার ও আলফ্রেদো দি স্তেফানোর মতো তারকারা। এখানে বিবেচনা করা হচ্ছে না পুরো ক্যারিয়ার কিংবা মোট ব্যালন ডি’অর জয়ের সংখ্যা। বরং ভোট দিতে হবে নির্দিষ্ট মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি কোনো আনুষ্ঠানিক পুরস্কার নয়। বিজয়ীর হাতে উঠবে না কোনো ট্রফি। ফ্রান্স ফুটবল জানিয়েছে, সমর্থকদের ভালোবাসা ও ফুটবলের প্রতি আবেগ উদ্‌যাপন করাই এই উদ্যোগের উদ্দেশ্য।

অন্যদিকে, সুপার ব্যালন ডি’অর দেওয়া হয়েছিল মাত্র একবার, ১৯৮৯ সালে। সেবার ইয়োহান ক্রুইফ ও মিশেল প্লাতিনিকে পেছনে ফেলে পুরস্কারটি জিতেছিলেন আলফ্রেদো দি স্তেফানো।

এদিকে চলমান ভোটে এগিয়ে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তাঁর ২০০৮ সালের পারফরম্যান্স পেয়েছে ৭৫ শতাংশ ভোট। দ্বিতীয় স্থানে মেসির ২০১২ সালের মৌসুম, পেয়েছে ৯ শতাংশ। তৃতীয় স্থানে রোনালদোর ২০১৭ সালের পারফরম্যান্স, পেয়েছে ৬ শতাংশ ভোট।

ভোটের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে ২৮ অক্টোবর। তবে শেষ পর্যন্ত যিনিই এগিয়ে থাকুন, এই আয়োজনে থাকছে না কোনো নতুন ট্রফি।