রাজধানীর বাজারে শীতকালীন সবজির আগমন শুরু হয়েছে। বাজারে উঠতে শুরু করেছে শিম, ফুলকপি ও মুলার মতো আগাম শীতের সবজি। এতে কিছু সবজির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। পাশাপাশি গত সপ্তাহের তুলনায় ডিমের দামও কমেছে ডজনপ্রতি ১০ টাকা। তবে টমেটো ও আগাম শিমের মতো সবজি এখনো চড়া দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে মুরগি, গরুর মাংস ও মাছের বাজারে তেমন পরিবর্তন দেখা যায়নি।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর রায়ের বাজার ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ফুলকপি, ঝিঙা, লাউ, কচুমুখি, পটোল, বেগুন ও কাঁকরোল বিক্রি হচ্ছে ৮০ টাকায়। আগাম মুলা ও ঢ্যাঁড়সের কেজি ৭০ টাকা। তবে আগাম শিম কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ১২০ টাকা কেজি। টমেটোর দাম আরও বেশি, প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।
তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে ও মিষ্টিকুমড়া। প্রতি কেজি পেঁপে ৩০ টাকা এবং মিষ্টিকুমড়া ৫০ টাকা। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস বিক্রি হচ্ছে ৭০ টাকায়। কাঁচা মরিচের দাম মানভেদে কেজিপ্রতি ১২০ থেকে ১৪০ টাকা।
সবজির পাশাপাশি ডিমের বাজারেও কিছুটা স্বস্তি ফিরেছে। বর্তমানে প্রতি ডজন বাদামি ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকা এবং সাদা ডিম ১৩০ টাকায়। হালি বিক্রি হচ্ছে ৪৬ টাকায়।
রাজধানীর বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮৫ টাকায়। সোনালি মুরগির দাম কেজিপ্রতি ৩১০ টাকা। গরুর মাংসের দাম আগের মতোই রয়েছে, প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০০ টাকায়।
ব্রয়লার মুরগি বিক্রেতা মনির হোসেন বলেন, গত কয়েক সপ্তাহ ধরে ব্রয়লার মুরগির দাম ১৮০ থেকে ১৯০ টাকার মধ্যে ওঠানামা করছে। সোনালি মুরগির দামও ৩১০ থেকে ৩২০ টাকার মধ্যে রয়েছে।
মাছের বাজারে তেলাপিয়া প্রতি কেজি ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা, কাতলা ৩৫০ থেকে ৮০০ টাকা এবং চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, রুই ৪৫০ থেকে ৫০০ টাকা, ট্যাংরা ৭০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা এবং দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে চাষের শিং মাছের দাম ৩০০ থেকে ৪৫০ টাকা।

মন্তব্য করুন