https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান আইন ও বিধি মেনেই শুরু হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুদক আইন অনুযায়ীই কাজ করে। কোনো নাগরিক সংক্ষুব্ধ হলে আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার তার রয়েছে। অনুসন্ধান শুরুর দিন দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্যে যে অসঙ্গতি ছিল, সেটি ‘স্লিপ অব টাং’ বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ অভিযোগ করেন, তাকে রাজনৈতিকভাবে হয়রানি ও ‘মিডিয়া ট্রায়াল’-এর উদ্দেশ্যেই দুদকের অনুসন্ধান করা হচ্ছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো মিথ্যা বলেও দাবি করেন তিনি।
গত ২ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও কেনাকাটাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। এ জন্য উপপরিচালক জাহিদ কালামের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে।
অভিযোগ সংশ্লিষ্ট অন্যরা হলেন তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন ও উপসচিব মো. মাসুম আহমেদ।
অনুসন্ধানের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন নিয়োগ, পদোন্নতি ও বদলি-সংক্রান্ত নথিপত্রসহ চার ধরনের নথি তলব করেছে দুদক।