বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজধানী ঢাকা ক্রমেই বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। দূষণ, যানজট ও নাগরিক সেবার অবনতির কারণে নগরবাসী নানা সংকটে পড়েছেন বলে তিনি মন্তব্য করেন।
শনিবার দুপুরে রাজধানীর পল্টনের ফাস হোটেলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ঢাকা মহানগরকে রক্ষা এবং নাগরিকদের জন্য একটি বাসযোগ্য নগর গড়ে তোলার লক্ষ্যে দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক নতুন একটি উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছেন। এ উদ্যোগ নগরবাসীর জন্য মুক্ত বাতাস, উন্নত পরিবেশ এবং মানসম্মত নাগরিক জীবন নিশ্চিত করতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও বেশি দেশপ্রেম, দায়বদ্ধতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও টেকসই নগর গড়ে তোলা সম্ভব।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঢাকা আমাদের বসবাসের শহর হলেও বর্তমান পরিস্থিতিতে অনেক সময় নিজেকেও এখানে থাকতে অনাগ্রহী মনে হয়। ঘর থেকে বের হলে স্বস্তিতে নিঃশ্বাস নেওয়া যায় না, বিভিন্ন সেবাপ্রতিষ্ঠানও নানা সমস্যায় জর্জরিত। ফলে নগরবাসীর জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে উঠছে।
নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, একসময় বুড়িগঙ্গা নদীতে নৌকাভ্রমণ ছিল আনন্দের বিষয়। কিন্তু বর্তমানে দূষণ ও দুর্গন্ধের কারণে নদীর কাছে যাওয়াই কঠিন হয়ে পড়েছে। তুরাগ নদীর অবস্থাও একই রকম। তিনি রাজধানীর নদীগুলোকে দূষণমুক্ত ও পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
মির্জা ফখরুলের মতে, ঢাকা শহরকে টেকসই ও বাসযোগ্য রাখতে পরিবেশ রক্ষা, নদী পুনরুদ্ধার এবং নাগরিক অবকাঠামোর উন্নয়নে সমন্বিত পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।