https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রান্তিক কৃষকদের স্বস্তি দিতে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের আসল ও সুদ সম্পূর্ণ মওকুফ করেছে। এই সিদ্ধান্ত গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং কৃষিভিত্তিক অর্থনীতির গতিশীলতা বাড়াবে।
শনিবার রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) কনফারেন্স কক্ষে আয়োজিত ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে কৃষি খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষিভিত্তিক অর্থনীতি থেকে শিল্প অর্থনীতিতে রূপান্তরের এ সময়ে আধুনিক প্রযুক্তি ও কারিগরি জ্ঞানের সমন্বয় প্রয়োজন। কৃষিপণ্যকে প্রক্রিয়াজাত শিল্পপণ্যে রূপান্তরের মাধ্যমে অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি রপ্তানি বাণিজ্যেও নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, কৃষি ও কৃষিভিত্তিক শিল্প নিয়ে সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন উদ্যোক্তাদের উৎসাহিত করবে এবং সরকারকে কার্যকর নীতিমালা প্রণয়নে সহায়তা করবে। এ ধরনের প্রতিবেদনের সুপারিশগুলো সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।
সরকারের উন্নয়ন পরিকল্পনার প্রসঙ্গ তুলে জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কৃষি খাতকে দেশের উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধার সভাপতিত্বে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া প্রাণ-আরএফএল গ্রুপের কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, গবেষক ও উদ্যোক্তারা অংশ নেন।
অনুষ্ঠানে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্প খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন—এই তিন বিভাগে মোট সাতজন সাংবাদিককে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।