কুষ্টিয়ার কুমারখালীতে বাউল সম্রাট লালন শাহের মাজারের প্রবেশপথের পাশ থেকে পেট্রলভর্তি বোতল, লোহার পাইপ ও বৈদ্যুতিক তার সংযুক্ত একটি সন্দেহজনক ডিভাইস উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে মাজারের প্রবেশপথের ডান পাশে একটি নারকেলগাছের কাছ থেকে এটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সন্দেহজনক একটি ব্যাগ পড়ে থাকার খবর পেয়ে কুমারখালী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। এ সময় মাজারে আসা সাধুদের নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়।

পরে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ ও বিস্ফোরকবিষয়ক বিশেষজ্ঞ দলের চার সদস্য ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ পরিদর্শক মোদাচ্ছের কায়সারের নেতৃত্বে তল্লাশি চালিয়ে দুটি এক লিটার পেট্রলভর্তি বোতল, চার ইঞ্চি লম্বা ও আধা ইঞ্চি চওড়া দুটি লোহার পাইপ এবং বৈদ্যুতিক তার সংযুক্ত একটি ডিভাইস উদ্ধার করা হয়।

খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল করিমের নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবং মিরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হক মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি। এ বিষয়ে কুমারখালী থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।