কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় মালিকের পোষা কুকুর ও বিড়াল নিয়ে বেরিয়ে আসেন কয়েকজন কর্মী। আগুন লাগার পর প্রাণ বাঁচাতে রিসোর্টের ১৯ কর্মী দ্রুত বাইরে চলে যান। তবে এ ঘটনায় ১০ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন যশোরের একই পরিবারের চার সদস্য।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে রিসোর্টের রান্নাঘরে গ্যাসের চুলায় চা বসিয়ে এক কর্মী ঘুমিয়ে পড়েন বলে জানা গেছে। কিছুক্ষণ পর রান্নাঘর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আগুন লাগার পর রিসোর্টের চার থেকে পাঁচজন কর্মী দ্বিতীয় তলায় থাকা মালিকের দুটি কুকুর ও চারটি বিড়াল নিয়ে বাইরে বেরিয়ে আসেন। রিসোর্টের কাছেই বসবাসকারী এক যুবক জানান, বিস্ফোরণের শব্দ শুনে ঘুম ভাঙার পর বাইরে এসে আগুন দেখতে পান। এ সময় কর্মীদের পোষা প্রাণীগুলো নিয়ে ছোটাছুটি করতে দেখেন তিনি।
রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমন জানান, অগ্নিকাণ্ডের সময় সেখানে ১৯ কর্মী ছিলেন। পাশাপাশি নয়টি কক্ষের ছয়টিতে অবস্থান করছিলেন ২১ জন অতিথি।
এ ঘটনায় রিসোর্টের মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা হয়েছে। ব্যবসায়িক অংশীদার নিয়াজ মোরশেদও মামলার আসামি। ম্যানেজার সুমনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে মালিক তানভীর ও তার অংশীদারের খোঁজ পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, রিসোর্টটির অগ্নিনিরাপত্তার ছাড়পত্র ছিল না। গত জুনে পরিদর্শনের পর স্থাপনাটিকে অনিরাপদ উল্লেখ করে সতর্কতামূলক নোটিশ দেওয়া হয়েছিল। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষও জানিয়েছে, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছিল।
অগ্নিকাণ্ডের কারণ ও দায় নির্ধারণে জেলা প্রশাসনের পাঁচ সদস্যের তদন্ত কমিটি কাজ করছে। এদিকে মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন