খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা ২৯ মিনিটে তাকে বহনকারী হেলিকপ্টারটি উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে।

এর আগে সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ১০টার দিকে হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্ট ও সুন্দরবন এলাকা পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।

নলিয়ান থেকে লঞ্চঘাট হয়ে নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। দুপুর ১২টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছানোর কথা রয়েছে। এরপর দুপুর ১টায় মধ্যাহ্নবিরতি এবং বেলা ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে।

সভায় খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসক উপস্থিত থাকবেন।

সফরসূচি অনুযায়ী, বিকেল ২টা ৪৫ মিনিটে মোংলা বন্দরের জেটি পরিদর্শনের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টায় জেটিতে পৌঁছে সেটি পরিদর্শন করবেন তিনি। এরপর বিকেল সোয়া ৩টায় প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করবেন এবং সাড়ে ৩টায় অঞ্চলটি পরিদর্শন করবেন।

সফর শেষে বিকেল ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল ৫টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। তার পরিদর্শনস্থলগুলোতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) সদস্যদের পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদাপোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।