মোংলা বন্দরের সম্প্রসারণ কার্যক্রম এবং প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করতে আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এ সফরে তিনি সুন্দরবনের হিরণ পয়েন্ট ও সংলগ্ন এলাকাও পরিদর্শন করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সরকারি সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সকাল ১০টার দিকে আকাশপথে হিরণ পয়েন্ট ও আশপাশের সুন্দরবন এলাকা পরিদর্শনের কথা রয়েছে তাঁর।

এরপর সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা করবেন তিনি।

দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্নবিরতির পর দুপুর পৌনে ২টায় ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত একটি সভায় অংশ নেবেন।

দিনের শেষভাগে বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল এলাকা ঘুরে দেখার কথা রয়েছে তাঁর।

মোংলা বন্দরের কার্যক্রম, সম্প্রসারণ পরিকল্পনা এবং অর্থনৈতিক অঞ্চলের সম্ভাবনা সরেজমিনে পর্যালোচনা করাই এ সফরের অন্যতম উদ্দেশ্য বলে সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।