https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে শূন্যরেখায় অবস্থানরত অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ ১১ জনকে অবশেষে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার সকাল ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
বিজিবি জানায়, রোববার গভীর রাতে বিএসএফ শূন্যরেখায় থাকা ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশুসহ মোট ১১ জনকে ভারতের ভেতরে সরিয়ে নেয়। এতে করে প্রায় ৪৮ ঘণ্টা ধরে চলা সীমান্ত অচলাবস্থার অবসান ঘটে।
এর আগে গত ৬ জুন ভোরে বিএসএফের পুশ-ইন চেষ্টার পর ওই ১১ জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন। তাদের মধ্যে অন্তঃসত্ত্বা নারী ও শিশুরাও ছিল, যা স্থানীয়ভাবে উদ্বেগ তৈরি করে।
বিজিবি জানায়, সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে এবং বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে সীমান্তবাসীর ধারণা, মানবিক পরিস্থিতি ও কূটনৈতিক চাপের কারণেই শেষ পর্যন্ত বিএসএফ তাদের সরিয়ে নিতে বাধ্য হয়েছে।